বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাত্

বাণিজ্য জটিলতা দূর করতে একমত দুই দেশ

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাণিজ্য জটিলতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে একমত হয়েছে দুই দেশ। এতে দুই দেশেরই চলমান বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময়ের সময় এ বিষয়ে তারা একমত হন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে বাণিজ্য বাধাগুলো দূর করে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। তিনি বলেন, ননট্যারিফ ব্যারিয়ারগুলার বিষয়ে আলোচনা করা যায়। এছাড়া সীমান্তে কাস্টমস ব্যবস্থাপনার উন্নতি করে বাণিজ্য বাড়ানো সম্ভব। বাণিজ্যমন্ত্রী বলেন, দু দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য জটিলতা দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

ভারতের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধির আরো সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কিছু জটিলতা আছে। উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এ সব সমস্যা দূর করা সম্ভব। তিনি বলেন, রামগড় সীমান্তে ব্রিজ নির্মাণের ফলে উভয় দেশের আমদানি ও রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে কাস্টমস হাউজ ও ইমিগ্রেশন ব্যবস্থা চালু করে কার্যক্রম চালু করা সম্ভব। এতে ত্রিপুরাসহ এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। সীমান্তে কাস্টমসের আনুষ্ঠানিকতা সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।