বুয়েটের আবরার হত্যা:

প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ হয়নি

বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। তার মায়ের অসুস্থতার কারণে সময় চেয়ে আবেদন করেন তিনি। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান সময় আবেদন মঞ্জুর করে আগামী ১৯ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে দেন। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ৬০ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঞা বলেন, মামলার প্রথম তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক কবির হোসেন হাওলাদার আদালতে সাক্ষ্য দিতে আসেন। কিন্তু তার মা হঠাত্ অসুস্থ হওয়ায় তিনি বিচারকের কাছে সময় চেয়ে আবেদন করেন।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। এরপর ভচিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযুক্ত ২৫ আসামি বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী। গত ৫ অক্টোবর আবরারের বাবা বরকতউল্লাহর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।