সিলেটে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গতকাল সোমবার রাত ১০টার দিকে সিলেট শহরের সুবিদবাজার ফাজিল চিশত এলাকায় পাথরবাহী ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। নিহত লুত্ফুর (২৫) ও সজীব (৩০) যথাক্রমে ফাজিল চিশত ও সুবিধবাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাত্ক্ষণিকভাবে পর পর পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে এ পথে চলাচলরত অনেকগুলো যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কয়েস লোদী, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাব আহমদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শত শত মানুষ সড়ক অবরোধ করে  বিক্ষোভ করছিল। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।

কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাঙচুর করছে। পুলিশ স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। রাত ১১টায় এ রিপোর্টে লেখার সময় দমকলবাহিনী ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।