ফেডারেশন কাপ ফুটবলে যেসব ক্লাব নিয়ম ভেঙেছে, খেলোয়াড়রা অন্যায় করেছে তাদের জরিমানা করা হয়েছে। সেমিফাইনালে আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচে অপরাধ করায় আবাহনীর সোহেল রানাকে পরবর্তী ১ ম্যাচ ও ৭৫ হাজার টাকা, টুটুল হোসেন বাদশাকে ১ ম্যাচ ও ৫০ হাজার টাকা, সাদ উদ্দিনকে ২৫ হাজার, ফিটনেস ট্রেইনার কাজী নজরুল ইসলামকে ২৫ হাজার এবং সেমিফাইনালের পর সংবাদ সম্মেলনে না যাওয়ায় আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি।
n মোহামেডান
সাইফ স্পোর্টিং এবং মোহামেডান ম্যাচের পর মোহামেডান সমর্থকরা মাঠে প্রবেশ করে টার্ফের ওপর অবস্থান করে রেফারিকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সমর্থকদের সংযত রাখতে ও সতর্ক থাকার জন্য নির্দেশনা দিতে ক্লাবকে বলা হয়েছে।
n শেখ জামাল ধানমন্ডি ক্লাব
শেখ জামাল ও শেখ রাসেলের ম্যাচের লাইনআপে দাঁড়াতে ৫ মিনিট দেরি করে শেখ জামাল। এজন্য শেখ জামালকে প্রতি মিনিটের জন্য ৩ হাজার টাকা করে ৫ মিনিটের জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসদাচরণ করায় শেখ রাসেলের খেলোয়াড় তকলিস আহমেদকে ২ ম্যাচ বহিষ্কার করা হয়েছে।
n সাইফ স্পোর্টিং ক্লাব
ফেডকাপের ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ এবং অধিনায়ক উপস্থিত না থাকায় ক্লাবকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
n পুলিশ
পুলিশের খেলোয়াড় জুয়েলের একাধিক পাসপোর্ট থাকার বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার আগপর্যন্ত তিনি খেলতে পারবেন না।