কুষ্টিয়ায় মেয়ের লাশ উদ্ধারের দুইঘণ্টা পর বাবার মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্মহত্যার ২ ঘন্টা পর হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

তারা হলেন, সুলতানপুর গ্রামের মোস্তফার মেয়ে শান্তনা (২০) এবং তার বাবা মৃত রওশন মণ্ডলের ছেলে ইজিবাইক চালক মোস্তফা (৪০)।  মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শান্তনার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শান্তনার সাথে তার মায়ের বাকবিতণ্ডা হয়।  এতে মায়ের উপর অভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেয়।  পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে দুইঘন্টার মাথায় হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে তার বাবা মোস্তফার মৃত্যু হয়।

মতিনের মতে, শান্তনার স্বামীর সাথে বিচ্ছেদের পর তার চার বছরের একমাত্র ছেলে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকতো।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, মেয়ের আত্মহত্যার পর তার বাবা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  পরে সেখানে তার মৃত্যু হয়।  আমরা খোঁজখবর নিয়ে ঘটনার তদন্ত করে দেখছি।  পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

ইত্তেফাক/এমএএম