আর ডরাইনে

এই সময়ের ছড়া 

কাজী রাশিদা আন্ওয়ার

 

করোনা করোনা সরো না সরো না

ঝাঁপিয়ে পড়ো না কোয়ারেনটাইনে

রিক্ত নিঃস্ব কাঁপছে বিশ্ব

মৃত্যু দৃশ্য চাইনে চাইনে

 

পৃথিবীসুদ্ধ যে অবরুদ্ধ

ব্যথিত-ক্ষুব্ধ মর্মে মর্মে

বেঁচে কি থাকব? লুকিয়ে রাখব

নিজেকে ঢাকব কোন সে বর্মে

 

তীক্ষ্ম তীব্র হিংস্র ক্ষিপ্র

গুপ্ত শত্রুর মৃত্যুবাণ যে

বক্ষ দীর্ণ ছিন্ন ভিন্ন

দস্যু ঘৃণ্য কাড়ছে প্রাণ যে

 

হায় রে বিশ্ব রিক্ত নিঃস্ব

হিংসা যুদ্ধ দ্বন্দ্বে পূর্ণ

 

গর্ব দম্ভ নিরাবলম্ব

দর্প চূর্ণ দর্প চূর্ণ

 

করোনা করোনা কেউ যে কারো না

হত্যা কোরো না আপন আইনে

 

তুচ্ছ এই প্রাণ নিত্য অপমান

ভিক্ষা দয়া দান চাইনে চাইনে

 

দুঃখ-শোকে আজ শুকনা চোখে আজ

বলছি তোকে আজ আর ডরাইনে

 

শঙ্কা রাহুগ্রাস অশ্রু হাহুতাশ

ধ্বংস যদি চাস তাই নে তাই নে