বিয়ে করেছেন হাবিব ওয়াহিদ

 

বিনোদন রিপোর্ট

 

বিয়ে করলেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। গত ৭ জানুয়ারি তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। বিয়ের বিষয়টি হাবিব নিজেই নিশ্চিত করেছেন। তার স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। ইডেন মহিলা কলেজের ছাত্রী শিপা মডেলিংয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন।

গতকাল দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাবিব ওয়াহিদ লিখেছেন, ‘প্রিয় অনুরাগীরা, আমি আমার ব্যক্তিগত জীবনে একটি খুব আকস্মিক খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সম্প্রতি আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সকলেই জানেন যে, করোনা মহামারির কারণে পুরোবিশ্ব বর্তমানে খুব খারাপ সময় পার করছে। এ কারণেই বিষয়টি সেভাবে কাউকে জানানো হয়নি। সবাই দোয়া করবেন।’

নতুন বিয়ে করলেও এটা হাবিব ওয়াহিদ তৃতীয় সংসার। এর আগে ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। কিন্তু সেই সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

শিফার সঙ্গে পরিচয় এবং আবারো সংসার সাজানো প্রসঙ্গে হাবিব আরো বলেন, ‘দেখুন, বিষয়টি একেবারেই ব্যক্তিগত। আমি এই বিষয়গুলো মিডিয়ায় শেয়ার করতে বরাবরই অনাগ্রহী। শিফা নিজেও তেমনটা চেয়েছে। আবার এটাকে লুকিয়ে রাখারও কিছু নেই। সেই ভাবনা থেকেই ফেসবুকে তথ্যটি জানালাম। আমাদের পরিচয় ঢাকাতেই। পরিচয়ের কিছুদিন পর আমরা অনুভব করি সংসারের। এরপর দুই পরিবারকে জানালাম। পারিবারিকভাবেই বিয়ের সিদ্ধান্ত হলো। আর আবারো বিয়ে নিয়ে বলবো, যেটা আগেও বলেছি—বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আমার ভেতর ছিল না। এই একটি বিষয় নিয়ে তো তিক্ত অভিজ্ঞতা কম হলো না। আবার এটাও ঠিক, জন্ম, মৃত্যু আর বিয়ে তো উপরওয়ালা থেকে নির্ধারিত। তা না হলে শিফার সঙ্গে আমার পরিচয়ই হতো না।’

উল্লেখ্য, হাবিব তার দীর্ঘ ক্যারিয়ারে শ্রোতাদের হূদয়ে পোক্ত আসন গড়েছেন প্রথম লোকসংগীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’ প্রকাশ করে। ভিন্নধারার কথা ও সুরের গান নিয়ে তিনি রাতারাতি জনপ্রিয়তা পান। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে, সুরের জাদুতে মুগ্ধ করে চলেছেন। সংগীতের এই পথচলায় তার ঝুলিতে জমা পড়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার।