আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি বিদায় নেওয়ার পর দেশটিকে আরো বেশি সামরিক সহায়তা দিতে চায় ভারত। সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এ আশ্বাস দিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
দেড় যুগেরও বেশি সময় ধরে চলা আফগান যুদ্ধের সমাপ্তি টেনে দেশটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনার সংখ্যা ৫ হাজারে নামিয়ে আনা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে সেখান থেকে আরো আড়াই হাজার সেনা সরিয়ে নেওয়ার কথা যুক্তরাষ্ট্রের।
গত সোমবার সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, সম্প্রতি টেলিফোনে কথা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমারের মধ্যে। এ সময় নয়াদিল্লি মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের পর কাবুলকে আরো বেশি সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
কাতারের রাজধানী দোহায় সম্প্রতি আবারও শুরু হয়েছে আফগান সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা। এতে বরাবরের মতোই মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনার মধ্যে জাতীয় ঐকমত্যের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে আফগানিস্তান। এ পরিস্থিতিতে ভারতের মতো ‘পুরোনো মিত্র’দের কাছ থেকে আরো বেশি সহযোগিতা আশা করছে দেশটি। ফোনালাপ শেষে আফগান পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে বলেছেন, আমার বন্ধু ভারতীয় মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলে ভালো লাগল। আমরা দোহায় আফগান শান্তি আলোচনা ফের শুরু এবং আফগানিস্তানের রাজনৈতিক সংকট সমাধানে যুদ্ধবিরতির জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন অর্জনের বিষয়ে আলোচনা করেছি। এ সময় করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু করায় ভারতকে অভিনন্দনও জানান আফগান মন্ত্রী।
বিবৃতি দিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানিয়েছে, দুই দেশের মন্ত্রী সহিংসতা কমানো, অর্থবহ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, বিগত ১৯ বছরের অর্জন রক্ষা, ভারতে আফগান শরণার্থী ইস্যু এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। আগামী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তিচুক্তির এক বছর পূরণ হচ্ছে। এ চুক্তির মাধ্যমেই সমাপ্তি ঘটেছিল ১৮ বছর ধরে চলা রক্তক্ষয়ী আফগান যুদ্ধের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম লড়াইও এটি। দ্য প্রিন্ট বলছে, শান্তি আলোচনার শর্ত হিসেবে তালেবানদের রাজনীতির মূলধারায় ফিরিয়ে আনতে সম্মত হয়েছে আফগান সরকার ও যুক্তরাষ্ট্র। তবে ভারত বরাবরই আফগানদের শান্তি ও পুনর্মিলনীতে সমর্থন দিয়ে গেছে।
আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে ভারতীয়রা। ২০১৬ সাল থেকে অনেকটা নীরবেই আফগানদের সামরিক সহায়তা বাড়িয়ে চলেছে ভারত। দেশটি এরই মধ্যে আফগানদের চারটি সামরিক হেলিকপ্টার দিয়েছে। মার্কিন বাহিনী বিদায়ের পর ভারত এ ধরনের সহযোগিতা আরো দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।