ইত্তেফাক রিপোর্ট
চাঙা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। ছয় মাসের বেশি সময় ধরে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ধারায় থাকলেও নতুন বছর ২০২১ সালের শুরু থেকে ব্যাপক চাঙা ভাব দেখা যাচ্ছে। প্রতিনিয়ত মূল্য সূচক যেমন বাড়ছে, তেমনি বাড়ছে লেনদেন। ২০১০ সালের মহাধসের পর শেয়ারবাজারে এমন তেজিভাব আর দেখা যায়নি। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৬টির। আর ৬১টির দাম কমেছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ায় এক দিনে ডিএসইর বাজার মূলধন সাড়ে ১২ হাজার কোটি টাকা বেড়ে গেছে। গতকাল ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৭৫১ কোটি টাকা। যা আগের দিন ছিল ৪ লাখ ৮১ হাজার ২৫১ কোটি টাকা। বড় অঙ্কের বাজার মূলধন বাড়ার পাশাপাশি সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। গতকাল ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ১৪২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬১ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে ২০১৯ সালের ৩০ জানুয়ারির পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসল।