চতুর্থ পর্বে ইউনাইটেড-লিভারপুল ম্যাচ

এফএ কাপের চতুর্থ পর্বে মুখোমুখি হচ্ছে ইংলিশ ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী দুই দল, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ জানুয়ারি ওল্ড ট্রাফোর্ডে মোহামেদ সালাহদের আতিথ্য দেবে ওলে গুনার সোলসারের দল। সোমবার এফএ কাপের চতুর্থ ও পঞ্চম পর্বের ড্রতে এই দুই দল বাদে বাকি সব পরাশক্তিই পেয়েছে সহজ প্রতিপক্ষ। বলা হয়ে থাকে, ইংলিশ ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এটি। যুগের পর যুগ ধরে ইংল্যান্ডে শ্রেষ্ঠত্বের লড়াই চালিয়ে যাওয়া এই দুই ক্লাব দুটি আলাদা শহরের হলেও তাদের একত্রিত করেছে জার্সির রঙ। ‘অলরেড’ এবং ‘রেড ডেভিলসদের প্রতিদ্বিন্দ্বতাকে তাই অনেক ফুটবলানুরাগী বলে থাকেন ‘নর্থ-ওয়েস্ট ডার্বি’। ২৩ তারিখের ম্যাচের আগে আগামী ১৭ জানুয়ারি অবশ্য অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌসুমের প্রথম নর্থ-ওয়েস্ট ডাবি। সপ্তাহখানেকের মধ্যে অনুষ্ঠিতব্য এই দুই ডার্বির প্রথমটি হবে অ্যানফিল্ডে।