আরেক ইউপি চেয়ারম্যানকে শোকজ
খুলনা অফিস ও তেরখাদা সংবাদদাতা
খুলনার তেরখাদা উপজেলার ৩ নম্বর ছাগলাদহ ইউনিয়নের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলামকে বরখাস্ত ও ১ নম্বর আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়কে শোকজ করা হয়েছে। এর মধ্যে ৩ নম্বর ছাগলাদহ ইউনিয়নের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম জোড়া হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ছাগলাদহ ইউপি চেয়ারম্যান এস এম দ্বীন ইসলামকে বরখাস্ত করার তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপনের তথ্য সাংবাদিকদের কাছে প্রকাশ পায়। অন্যদিকে, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়ের বিরুদ্ধে আজগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য অমিত কুমার বৈদ্যের সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম গত ১০ জানুয়ারি কৃষ্ণ মেনন রায়ের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ জারি করেন।