সংবাদ সংক্ষেপ

 

শিক্ষক সমিতির মানববন্ধন

বরিশাল অফিস শিক্ষা জাতীয়করণ, শিক্ষক কর্মচারীদের চাকরির নিরাপত্তা প্রদান এবং শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সমস্যা সমাধানের দাবিতে গতকাল মঙ্গলবার বরিশালে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন হয়। সংগঠনের আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল মালেকসহ অন্যরা।

খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

ক্যারাভান রোড শোর উদ্বোধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জ মুজিববর্ষে কোভিট-১৯-এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে ক্যারাভান রোড শো’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন রোড শোর উদ্বোধন করেন।

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

নাটোর প্রতিনিধি নাটোরে ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত সেমিনার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রাব্বী। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার পেল চার্জার ভ্যানগাড়ি

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যানগাড়ি পেল এক দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার। মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পরিবারটিকে ভ্যানগাড়ি দেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উত্তরণ আইডিআরটিতে কপোতাক্ষ উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. ময়নুল ইসলাম।

মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনাসভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু চত্বর নামকরণ, মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা হয়েছে। সোমবার বাদ মাগরিব রহনপুর প্রতিবন্ধী বিদ্যালয়ে আলোচনাসভা হয়। এতে গোমস্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস সভাপতিত্ব করেন। পরে প্রজেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং ঐ চত্বরকে বঙ্গবন্ধু চত্বর নামকরণ করা হয়।