সোনারগাঁওয়ে কৃষিজমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার ৭০৭ নামের এক ইটভাটার মালিকের বিরুদ্ধে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, কৃষিজমির উপরিভাগের মাটি কোনোভাবেই ইটভাটার জন্য কেটে নেওয়া যাবে না—এ সংক্রান্ত নির্দেশনা থাকা সত্ত্বেও ৭০৭ নামের ইটভাটার মালিক মো. গিয়াসউদ্দিন ও তার ছেলে রবিন জোরপূর্বক সাদিপুর ইউনিয়নের কাজহরদী, নোয়াকান্দি, কুন্দারপাড়া, বানিয়াবাড়ী, বিষ্ণুপুরা গ্রামের ২ হাজার একর কৃষিজমি থেকে মাটি কেটে নিচ্ছেন। এ ব্যাপারে ৭০৭ নামের ইটভাটার মালিক মো. গিয়াসউদ্দিন বলেন, জোরপূর্বক মাটি আমি নিচ্ছি না।