কেরানীগঞ্জে দুই লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা 

ঢাকার কেরানীগঞ্জে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন করেরগাঁও এলাকার রতনের খামারের সামনে ময়লা-আবর্জনার স্তূপ থেকে মো. রিপন আহমেদ (২৭) নামে এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে বুড়িগঙ্গা নদী থেকে আলামীন শেখ (২৩) নামে এক হকারের লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা ১২টার সময় বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ প্রান্তের পারগেন্ডারিয়া এলাকায় টিপু ডক ইয়ার্ডের সামনে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিপনের ছোট ভাই রায়হান আহমেদ বলেন, আমার ভাই পূর্ব বন্দ ডাকপাড়া এলাকায় বিকাশ ও মোবাইল ফোনে ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করত। সোমবার রাত ১১টা সময় আমার ভাইয়ের ফোন থেকে কেউ একজন ফোন দিয়ে বলে এই লোকটিকে (ফোনের মালিককে) চেনেন কি না? উনার লাশ করেরগাঁও রোডে পড়ে আছে। ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে খবর দেই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক রাজীব জানান, রিপনের পরিবারের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ ও তার মোটরসাইকেল উদ্ধার করি। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অন্যদিকে সদরঘাট নৌ পুলিশের উপপরিদর্শক মো. শহিদ জানান, আলামীনের পিতার নাম আবু সাইদ শেখ, গ্রামের বাড়ি পিরোজপুরের আমতলা এলাকায়। আলামীন সদরঘাট এলাকায় লঞ্চে লঞ্চে ফেরি করে রুটি বিক্রি করত। লোকমুখে জানা যায়, সে সাঁতার জানতো না। গত শুক্রবার শেষবারের মতো তাকে রুটি বিক্রি করতে দেখা যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। গতকাল বুড়িগঙ্গায় লাশ উদ্ধারের খবর শুনে আলামীনের চাচা ওহেদুল শেখ আসলে লাশটি আলামীনের বলে শনাক্ত করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।