ইত্তেফাক রিপোর্ট
বার্ড ফ্লু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশে এ রোগের সংক্রমণ ও বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রস্তুতি গ্রহণের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে এ নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হয়েছে। চিঠিতে দেশের সীমান্তবর্তী জেলাসহ অন্যান্য জেলায় প্রতিদিন বার্ড ফ্লু রোগের অনুসন্ধান এবং সর্বোচ্চ সতর্কতামূলক নজরদারির ব্যবস্থা গ্রহণ এবং সরকারি-বেসরকারি খামারে নিবিড় তত্ত্বাবধানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো মৃত বা সন্দেহজনক হাঁস-মুরগি বা পাখি পাওয়া গেলে নমুনা সংগ্রহ করে দ্রুত নিকটবর্তী ল্যাব থেকে পরীক্ষা করে ফলাফল অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া জেলা ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল ও গবেষণাগারে পর্যাপ্ত নমুনা পরীক্ষার কিট ও পিপিই জরুরি ভিত্তিতে সরবরাহ, খামারে জৈব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষক ও খামারিদের সতর্ককরণে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বার্ড ফ্লু প্রতিরোধকল্পে এর টিকার বর্তমান মজুত যাচাই করে দ্রুততার সঙ্গে টিকা সংগ্রহের ব্যবস্থা নিতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে প্রাণিসম্পদ অধিদপ্তরে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু এবং এ সংক্রান্ত তথ্য-উপাত্ত সারা দেশ থেকে সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তা মন্ত্রণালয়কে তাত্ক্ষণিকভাবে জানাতে বলা হয়েছে।