কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি-ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে এ ব্যাপারে থানায় মামলা হয়। গ্রেফতার এবং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক।
গ্রেফতারকৃতরা হলো—জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম গ্রামের নূর ইসলাম, দক্ষিণসোম গ্রামের শাহাদত হোসেন, পূবাইল থানাধীন তালটিয়া এলাকার তামিম হাসান, রুবেল হোসেন ও সালাম মিয়া।
মামলার বাদী ছাব্বির হোসেন বলেন, গত রবিবার রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার থেকে আমার অটোরিকশায় চার যাত্রী পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বেলদি যাওয়ার কথা বলে ২০০ টাকা চুক্তিতে ভাড়া করে। যাত্রী নিয়ে যাওয়ার পথে কালীগঞ্জ উপজেলার বর্তুল নামকস্থানে অটোরিকশা থামিয়ে তিনি প্রস্রাব করতে গেলে ঐ যাত্রীরা অটোরিকশা চুরি করে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে অটোরিকশাটি না পেয়ে গত সোমবার সকালে ঐ চার যাত্রীর নাম উল্লেখ করে থানায় অভিযোগ করি।