কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামে আফিয়া আক্তার মীম নামের ছয় মাস বয়সি এক নিষ্পাপ শিশুকে আদর করার কথা বলে কোলে নিয়ে শরীর অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে প্রতিবেশী এক নারীকে আটক করেছে পুলিশ। শিশু আফিয়া আক্তার মীম বড়হর গ্রামের মুদি ব্যবসায়ী ইমরানের মেয়ে। এ ঘটনায় আটককৃত প্রতিবেশী শামসুন্নাহার (৪০) একই গ্রামের মঞ্জুরুলের স্ত্রী।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, গত শুক্রবার বিকেলে আফিয়া আক্তার মীমকে কোলে নিয়ে তার দাদি ও স্বজনেরা বাড়ির আঙিনায় রোদ পোহাচ্ছিলেন। এমন সময় প্রতিবেশী চাচি শামসুন্নাহার সেখানে এসে আদর করার ছলে মীমকে কোলে নিয়ে পাশের বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর মীমের তীব্র চিত্কার শুনে সেখানে ছুটে যান মীমের স্বজনেরা। মীমের কী হয়েছে জানতে চাইলে অসংলগ্ন জবাব দেয় শামসুন্নাহার। এ সময় মীমের শরীর থেকে পোড়া গন্ধ বের হতে থাকে এবং শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যেতে দেখা যায়। পরে স্বজনেরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক প্রাথমিক চিকিত্সা দিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে মীমকে ঢাকার বারডেমে নিয়ে গিয়ে চিকিত্সা দেওয়া হয়। তিনি জানান, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।