দেশে ৯ মাসে শনাক্তের হার সর্বনিম্ন

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৭১৮ জন। গতকাল মঙ্গলবার পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৫ শতাংশ। ৯ মাসের মধ্যে শনাক্তের হার সর্বনিম্ন। এর আগে গত বছরের ৫ এপ্রিল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯০ শতাংশ। গতকাল মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৭১৮ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৪ হাজার ২০ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন হয়েছে।