ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে ফরসা কমলা হ্যারিস বিশ্ব জুড়ে নিন্দা

জনপ্রিয় লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বর্ণবাদের অভিযোগ উঠেছে। ‘ভোগ’-এর ফেব্রুয়ারি সংস্করণের প্রচ্ছদে তার ছবি নিয়ে সমালোচনা হচ্ছে। এমনকি কমলা হ্যারিসও এই কাজে হতাশা প্রকাশ করেছেন। পরে ভোগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও আফ্রো-এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হয়ে নজির গড়েছেন কমলা হ্যারিস। খবর ডয়চেভেলের

টুইটারে ছবি প্রকাশ

রবিবার টুইটারে কমলাকে নিয়ে তৈরি দুটি প্রচ্ছদ প্রকাশ করে ভোগ। প্রথম ছবিতে হ্যারিসকে দেখা গেছে ভীষণ ক্যাজুয়াল পোশাকে। এখানে তিনি কালো ট্রাউজার এবং জ্যাকেট পরে আছেন আর পায়ে সাদা-কালো স্নিকার্স। দ্বিতীয় ছবিতে হ্যারিসকে ফরমাল পোশাকে দেখা গেছে। পরেছেন হালকা নীল রঙের স্যুট। তবে যে বিষয়টি নিয়ে সমালোচনা বেশি হচ্ছে তাহলো দুটি ছবিতেই কমলার গায়ের রং ফরসা। ছবিগুলো তুলেছেন টাইলার মিশেল। ভোগের কভারের ছবি তুলে প্রথম কৃষ্ণাঙ্গ ফটোগ্রাফার হিসেবে যিনি ইতিহাস সৃষ্টি করেছেন। ভোগের কভারের জন্য ২০১৮ সালে বিয়ন্সের ছবি তুলেছিলেন তিনি।

সমালোচনা

ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকেই বলছেন, তাদের মোবাইল ক্যামেরা দিয়ে এর চেয়ে ভালো ছবি তোলা সম্ভব। আবার কারো প্রশ্ন একজন দেশের এমন সম্মানিত একজন ব্যক্তিকে এত ক্যাজুয়ালভাবে উপস্থাপন করা ঠিক হয়েছে? গায়ের রং বদলে ফেলায় বর্ণবাদের অভিযোগে ভোগের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। টুইটারে ট্রেন্ডিং হ্যাশ ট্যাগ ‘আ ওয়াশ আউট মেস’। হ্যারিসের দলের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে সিএনএন জানিয়েছে, হ্যারিসের টিম এই প্রচ্ছদ দেখে হতাশ হয়েছে। তাদের মতে, ভোগের উচিত ছিল হ্যারিসকে ফরমাল পোশাকে উপস্থাপন করা। তারা চাইছে যাতে ভোগ নতুন প্রচ্ছদ করে। তবে ডিসেম্বরেই ম্যাগাজিন প্রিন্টের কাজ শেষ হয়েছে।

দুঃখ প্রকাশ

এক বিবৃতিতে ভোগ জানায়, বাইডেন-হ্যারিস প্রশাসনের হলমার্ক হলো যা ‘সত্যি ও স্বাভাবিক’। হ্যারিসের এইসব ক্যাজুয়াল ছবিতে সেটাই প্রকাশিত হয়েছে। কমলা হ্যারিসের পোশাক, চুলের স্টাইল এবং মেকআপ তার টিমের লোকেরাই করেছেন বলে জানিয়েছে ভোগ। এক প্রশ্নের জবাবে ২০২০ সালে ভোগের প্রধান সম্পাদক আনা উইনটুর ক্ষমা চেয়ে বলেছিলেন, যে ভুল হয়েছে তার সবটুকু দায়ভার তার। তবে এবারের ছবি নিয়ে কোনো দায় স্বীকার করেননি তিনি।