বঙ্গবন্ধু চলচ্চিত্রটি হবে ঐতিহাসিক দলিল :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্রটি আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চলচ্চিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কুশলীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আব্দুুল মালেক এ সময় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং উপদেষ্টা ড. গওহর রিজভী তাদের বক্তব্যে এ চলচ্চিত্রকে দেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও চলচ্চিত্রটিতে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের চরিত্র রূপায়ণকারী শহীদুল আলম সাচ্চুর উপস্থাপনায় শিল্পী ও কুশলীদের প্রাণবন্ত অনুভূতি প্রকাশে অনুষ্ঠানটি একটি ঘরোয়া আসরে পরিণত হয়। বঙ্গবন্ধুর পিতার চরিত্র চিত্রনকারীদ্বয় চঞ্চল চৌধুরী (৪৫-৬৫) ও খায়রুল আলম সবুজ (৬৫-৯৪), বঙ্গবন্ধুর মাতার চরিত্রে অভিনয়কারীদ্বয় সংগীতা চৌধুরী (৩৩-৫৫) ও দিলারা জামান (৬০-৭৪), বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কৈশোর চরিত্রের অভিনয়শিল্পী যথাক্রমে দিব্য জ্যোতি ও প্রার্থনা ফারদিন দিঘী, শেখ জামাল ও শেখ রেহানার কৈশোর চরিত্রে শরীফ সিরাজ ও সাবিলা নূর, মওলানা ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রের রাইসুল ইসলাম আসাদ ও তৌকীর আহমেদ তাদের অনুভূতি জানান।

তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান চার নেতার চরিত্রচিত্রনকারী যথাক্রমে ফেরদৌস, সায়েম সামাদ, খলিলুর রহমান ও সমু চৌধুরী, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তোফায়েল আহমেদের চরিত্রের তুষার খান ও সাব্বির আহমেদ, শেখ ফজলুল হক মনি ও অলি আহাদের চরিত্রের মোস্তাফিজুর নূর ইমরান ও সাদমান প্রত্যয়, রমা, মাঝি ও শামসুল হকের চরিত্রের যথাক্রমে শাইখ খান, নরেশ ভুঁইয়া ও সিয়াম আহমেদ এবং খন্দকার মোশতাকের চরিত্র রূপায়ণকারী ফজলুর রহমান বাবু এ আসরে তাদের অনুভূতি ব্যক্ত করেন।