চীনের সঙ্গে সীমান্ত ইস্যুতে ভারতকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে সীমান্ত বিরোধে ভারতকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ভারত-প্রশান্ত মহাসাগর নিয়ে এক নতুন মার্কিন পরিকল্পনায় এ তথ্য জানা গেছে। অস্ট্রেলিয়ার পাবলিক সার্ভিস ব্রডকাস্টার এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, গত বছর সীমান্তে সংঘর্ষের কারণে বেইজিংয়ের সঙ্গে দিল্লির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত এক নথিতে জানা যায়, ২০১৭ সালেই হোয়াইট হাউজ জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন পরিকল্পনা প্রণয়ন করে, যা ছিল অত্যন্ত গোপন। ২০১৮ সালে এই পরিকল্পনায় অনুমোদন দেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত সপ্তাহে এই পরিকল্পনা প্রকাশ করা হয়। আজ বুধবার সেটি জনসম্মুখে প্রকাশ করার কথা। তবে এর আগে এবিসি নিউজ নথিটি পেয়েছে। এতে বলা হয়েছে, চীনের সঙ্গে সীমান্ত বিরোধে কূটনৈতিক, সামরিক ও গোয়েন্দাসংক্রান্ত বিষয়ে ভারতকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর জানান, ৪৫ বছরের মধ্যে গত বছর প্রথম সীমান্তে চীনের সঙ্গে সরাসরি লড়াই হয়। এই লড়াইয়ে মৃত্যুর ঘটনা ঘটে, যাতে দুই দেশের সম্পর্কে বজায় থাকা আস্থা নষ্ট হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে। আগামী প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক আরো উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।