রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিহত ৩

রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে চালকসহ তিন জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো আট জনের মৃত্যু হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রাঙ্গামাটি : রাঙ্গামাটির কুতুকছড়িতে ইটের কংকরবোঝাই ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে ট্রাকের চালকসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল কুতুকছড়ি বাজারসংলগ্ন রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বেইলি ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চালক আরাফাত হোসেন এবং তার দুই সহযোগী বাচ্চু্ ও জহিরুল ইসলাম। বর্তমানে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর নানিয়ারচর সেনা জোন, বিজিবি, ফায়ার সার্ভিস যৌথ বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করেন। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা কবির হোসেন জানান, তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম  মামুনুর  রশিদ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাহে আরিফিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপশ রঞ্জন ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নেত্রকোনা : মদনে লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেলে দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। গতকাল কাইলাটি ইউনিয়নের মৌজে বালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শিবপ্রসাদপুর গ্রামের ভ্যানচালক সেলিম মিয়া (৩৮) এবং মৌজেবালি গ্রামের কৃষক এমদাদুল হক (৩০)।

সাভার: ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলী পারভেজ (২৩) নামে এক জন নিহত হয়েছেন। গতকাল বলিয়াপুর এলাকার এন.আর পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ নোয়াখালী জেলার সুদারাম থানার শৌলকিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

শরণখোলা (বাগেরহাট) : শরণখোলার পূর্ব আমড়াগাছিয়া সিংবাড়ী এলাকায় গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শহিদুল উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মাওলানা শামসুল ইসলামের পুত্র।

উখিয়া (কক্সবাজার): কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী টিভি টাওয়ার এলাকায় সেন্টমার্টিন সার্ভিসের ধাক্কায় টমটম চালকসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—টমটম চালক পালংখালী বটতলী এলাকার জাফর আলম ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়ার মনির আহমদ (২২)।

পীরগাছা (রংপুর) :পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আলতাব হোসেন (৫০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার দেউতি এলাকায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আলতাব উপজেলার পানসিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বটতলায় পশুখাদ্যের ব্যবসায়ী।

কুলাউড়া (মৌলভীবাজার): কুলাউড়ায় ব্যাটারি চালিত ইজিবাইক বাঁকে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালক শাহ আলম (৪০) নিহত হয়েছেন। গত সোমবার উপজেলার ৪ নম্বর জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কাহনিয়া গ্রামের বাসিন্দা।

ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতীর মাটিয়াপাড়া এলাকায় গতকাল দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত হয়েছেন।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে আট জন আহত হয়েছেন। গতকাল উপজেলার কারবালা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।