যেখানেই যাই না কেন দুর্নীতি নিয়ে প্রশ্ন করে :পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যেখানেই যাই না কেন, মানুষ দুর্নীতি নিয়ে প্রশ্ন করে। দুর্নীতি কোনো প্রশ্নের বিষয় নয়। এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। পকেটমার যেমন ক্রিমিনাল বিষয়, দুর্নীতিও তেমনি। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থাও আমাদের কাছে আছে। দুর্নীতি হলে কী করতে হবে, সেই বিধান আমাদের আছে। মন্ত্রী তার চাকরি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি দীর্ঘ ৪০ বছর সরকারি চাকরি করেছি। প্রকল্পের কেনাকাটায় টিমওয়ার্ক দুর্নীতি হয় এটা আমার ধারণা, তবে ব্যক্তিগত দুর্নীতি বেশি হয় বলে মন্তব্য করেন তিনি।                গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের খসড়া রূপরেখা চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী পর্বে তিনি এ মন্তব্য করেন। কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মকর্তাদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, বিষয়টা আমি বলতে চাই না, তার পরেও বললাম। দুর্নীতি নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, সেজন্য আপনাদের নজরে আনলাম। বাস্তবে স্বীকার করতে হবে, জনগণের মধ্যে যে ধারণা আছে, নিশ্চয় এর একটা ভিত্তি আছে। না হলে এত আলোচনা কেন হচ্ছে? টকশোতে যাই, সেমিনারে যাই সেখানে ঘুরেফিরে দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয়। দুর্নীতি নিয়ে আমাদের সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি, আমাদের চারপাশে সবাই দুর্নীতি এড়িয়ে চলেন। কেউ ব্যক্তিগতভাবে দুর্নীতি করে এমন কিছু প্রমাণিত হলে আমরা আইনিভাবে মোকাবিলা করব। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব। মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার প্রধান অবস্থান নিয়েছেন। জনগণের মধ্যে যেমন শক্ত ঘৃণা আছে সে বিষয়ে আমরা সচেতন। আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, মানুষ আপনাদের কাছ থেকে ভালো আউটপুট আশা করে। মানুষ মনে করে যে, পরিকল্পনা মন্ত্রণালয় একটা টেকনিক্যাল মন্ত্রণালয়। এখানে সব অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন। তারা নিশ্চয় ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) ভালো করে তৈরি করে দিয়েছে। মন্ত্রী নিয়ে তারা কনসার্ন নয়, কারণ মন্ত্রী আসে যায়। আপনারা তো স্থায়ী সিভিল সার্ভেন্টস।

পরিকল্পনামন্ত্রীর বিশ্বাস, তিনি দুর্নীতিবাজ কারো সঙ্গে কাজ করেন না। তিনি বলেন, প্রত্যেকটা ব্যক্তিকে আমি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত মনে করি, সে দুর্নীতি করে নাই।