সরকার জেন্ডার বৈষম্য নিরসনে ৪৩টি মন্ত্রণালয়ের মাধ্যমে ১ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি জানান, জেন্ডার রেসপন্সিভ বাজেটের মূল লক্ষ্য বৈষম্য হ্রাস ও সুযোগের সমতা সৃষ্টি। যার মাধ্যমে নারী-পুরুষের বৈষম্য দূর করে একটি সমতাপূর্ণ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এছাড়া এশিয়াতে শীর্ষে অবস্থান করছে। এখানে ভারতের অবস্থান ১১২তম, আমেরিকা, জাপান, চীনসহ আরো অনেক শিল্পোন্নত এবং পরাশক্তি অনেক দেশই বাংলাদেশের পিছনে। গতকাল মঙ্গলবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘স্ট্রেনদিনিং জেন্ডার রেসপন্সিভ বাজেটিং প্রকল্প’-এর আওতায় নারী উন্নয়ন নীতি ২০১১ বাস্তবায়নের জন্য জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে উইমেন ইন ডেভেলপমেন্ট (উইড) ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারের সভাপতিত্বে সভায় ৪৩টি মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।