প্রখ্যাত সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই জগলুল ওয়াহিদের মৃত্যুর পরদিন তার অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪০ লাখ টাকা তুলে নিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী ভারতীয় নাগরিক আঞ্জু কাপুর। মৃত্যুর সংবাদ ব্যাংক কর্তৃপক্ষকে না জানিয়ে এভাবে টাকা উত্তোলনের ঘটনায় গুলশান থানায় গত ২০ ডিসেম্বর প্রতারণার মামলা করেন জগলুল ওয়াহিদের প্রথম স্ত্রীর সন্তান মুশফিকা মোস্তফা।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি আঞ্জু কাপুর ব্যাংক কর্তৃপক্ষকে আমার বাবার মৃত্যুর খবর অবগত না করে প্রতারণার আশ্রয় নিয়ে অকার্যকর ম্যানডাটির (জীবিত অবস্থায় টাকা উত্তোলনের অনুমতি প্রদান) ওপর ভিত্তি করে ঐ টাকা উত্তোলন করে। যা আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য ও হকদার।
গতকাল মঙ্গলবার এই মামলার তদন্তে অগ্রগতির বিষয়টি ক্ষীণ উল্লেখ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টিতে আনেন মুশফিকার আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, মামলার অপরাধ আমলযোগ্য। মামলা দায়েরের পর পুলিশ এখনো আঞ্জু কাপুরকে গ্রেফতার করেনি। এর পরই হাইকোর্ট মামলার তদন্তের সর্বশেষ কি অবস্থা তা জেনে হাইকোর্টকে অবহিত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিককে নির্দেশ দিয়েছেন। ঐ নির্দেশের পরই সংশ্লিষ্ট আইন কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং তদন্তের অগ্রগতির বিষয়টি আজ আদালতকে অবহিত করবেন।