মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের গতি বাড়াতে হাইকোর্টে রিট

মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধান এবং গুণমানসম্পন্ন নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে গ্রাহকদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারনেট সেবা দিতে মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। তথ্যসচিব, যোগাযোগ ও প্রযুক্তিসচিব, বিটিআরসির চেয়ারম্যান, সব মোবাইল অপারেটরের প্রধান নির্বাহীকে রিটে বিবাদী করা হয়েছে।

মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ল রিপোর্টার্স ফোরামের সদস্য মেহেদী হাসান ডালিম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসানের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীরগতির কারণে মোবাইল ফোন গ্রাহকরা মারাত্মক ভোগান্তিতে আছেন। গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ অর্থ কেটে নেওয়া হচ্ছে সে তুলনায় সেবার মান হতাশাজনক। মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও মোবাইল ফোন কোম্পানিগুলো সে অনুযায়ী সেবা প্রদান করছে না। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা।

গত ২৭ নভেম্বর মোবাইল ফোন দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধান করে গুণমানসম্পন্ন নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় এ রিট করা হয়।