ঘাটাইলে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

ঘাটাইলে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল মঙ্গলবার ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চল পরিদর্শনকালে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি ঘাটাইল এলাকার সাধারণ মানুষের জন্য সেনাবাহিনী পরিচালিত চিকিত্সাসেবা কার্যক্রমও পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্রে দীক্ষিত দেশমাতৃকার সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী কোভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতি বছরের মতো এবারও শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের মতো এবারও দেশপ্রেমিক সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা এবং শীতবস্ত্র বিতরণ করছে।