জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষ্যে রংপুর মহানগরীতে বিনা মূল্যে চিকিত্সাসেবা প্রদানসহ ওষুধ ও (শীতবস্ত্র) কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ৬৬ পদাতিক ডিভিশন। গতকাল বুধবার নগরীর সমাজকল্যাণ বিদ্যাবিথী স্কুল অ্যান্ড কলেজ এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সেবামূলক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেড (৩০ বীর)-এর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করেন। এতে বিভিন্ন বয়সি নারী, পুরুষ ও শিশুদের চিকিত্সাসেবা ও বিনা মূল্যে ওষুধ প্রদানের পাশাপাশি শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড (৩০ বীর)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. হেদায়েতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড (৩০ বীর)-এর লেফটেন্যান্ট কর্নেল এ বি এম বেলায়েত হোসেন, ক্যাপ্টেন মীর আলী একরাম, লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ হাবিবুর রহমান হাবিব ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোর্শেদুল ইসলাম।
সেনাবাহিনীর চার সদস্যের একটি মেডিক্যাল টিম প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনা মূল্যে ওষুধ প্রদান করেন। পরে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা অসহায়-দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।