ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনি প্রচারণায় হামলা, আহত ৩

ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনি প্রচারণায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদুলের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনি পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত তিন জন কর্মী ও সমর্থক আহত হয়েছে। সুজন নামের এক কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান (পানির বোতল মার্কা) বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক বিশু (উট পাখি) ও তার ভাই নুরুজ্জামান কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে, মোজ্জামেল হক বিশু ঘটনাটি মিথ্যা দাবি করে বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা রিটার্নিং অফিসার ও ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, দ্রুত তদন্ত করে উপজেলা নির্বাচন অফিসার ও ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।