খুলনায় ছুরিকাঘাতে পুলিশের সোর্সের মৃত্যু

খুলনায় অভিযান পরিচালনাকালে মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের গোয়েন্দা পুলিশের এক সোর্সের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর লবণচরার বান্দাবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম ও তিন জন সোর্স লবণচরা থানার বান্দাবাজার বাহাদুর লেন এলাকায় ইয়াবা ব্যবসায়ী চক্রকে আটক করতে অভিযানে যায়। অভিযান টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা অতর্কিতভাবে পুলিশের সোর্সসহ ডিবি পুলিশের ওপর হামলা চালায়। এতে ডিবির একজন এএসআই ও দুজন সোর্স গুরুতর জখম হন। তাত্ক্ষণিকভাবে ডিবি পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক সোর্স শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সাধীন রয়েছেন। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. আনিস বলেন, এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া মামলা প্রক্রিয়াধীন রয়েছে।