পি কে হালদারের ‘ঘনিষ্ঠ সহযোগী’ অবন্তিকা গ্রেফতার

রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের ‘ঘনিষ্ঠ সহযোগী’ অবন্তিকা বড়ালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরের দিকে দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে পি কে হালদারের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয় এবং বুধবার বিকালে তাকে আদালতে হাজির করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৪ জানুয়ারি পি কে হালদারের আরেক ‘সহযোগী’ শংখ ব্যাপারীকে গ্রেফতার করা হয়।

দুদক সূত্র জানায়, ২০১৯ সালে পি কে হালদারের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করে। ঐ মামলার তদন্তে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা পায় দুদক। অপর দিকে পি কে হালদারের এ বান্ধবীকে দুই দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি দুদক কার্যালয়ে আসেননি। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। দুদক সূত্র আরো জানায়, পি কে হালদার অবন্তিকাকে ধানমন্ডিতে ৩ কোটি টাকার একটি বাড়ি ও দুটি গাড়ি কিনে দিয়েছেন। এছাড়াও অবন্তিকার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় দুদক। গতকাল গ্রেফতারের পরপরই অবন্তিকা বড়ালকে প্রথমে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে বিকালে তাকে আদালতে হাজির করা হয়। দুদক থেকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবন্তিকা বলেন, কেন তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না তিনি। তার কাছে অবৈধ সম্পদ আছে কি না, এ প্রশ্নের উত্তরে অবন্তিকা বলেন, ‘এটা দুদক জানে, আমি বলতে পারব না’।