ভবিষ্যতে বাসা থেকে কাজের হার বাড়বে :আইএলও

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর নিরাপত্তার স্বার্থে অফিস কিংবা কর্মক্ষেত্রের পরিবর্তে বাসা থেকে কর্মীদের কাজ করার হার বেড়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) হিসাব অনুযায়ী, করোনা শুরু হওয়ার আগে বিশ্বব্যাপী ২৬ কোটি মানুষ বাসা থেকে কাজ করত। আসছে বছরগুলোতে মানুষের বাসা থেকে কাজ করার হার আরো বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি। সংস্থাটির প্রাক্কলনে বলা হয়, ২০২০ সালে করোনা শুরু হওয়ার পর প্রথম মাসে প্রতি পাঁচ জনে এক জন শ্রমিক বাসা থেকে কাজ করেছেন। পরবর্তী মাসগুলোতে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়েছে। ফলে পুরো বছরের তথ্যউপাত্ত পাওয়া গেলে এই হার আরো অনেক বাড়বে বলে আশা করছে।

ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আইএলওর প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ঐ প্রতিবেদন গতকাল বিশ্বব্যাপী একযোগে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বাসা থেকে কাজ করার কারণে কর্মীদের আয় যারা বাইরে ছিল তাদের চেয়ে কমেছে। যুক্তরাজ্যে এ ধরনের কর্মী ১৩ শতাংশ কম আয় করেছে, যুক্তরাষ্ট্রে ২২ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ২৫ শতাংশ। এর বাইরে উন্নয়নশীল কিংবা অপেক্ষাকৃত পিছিয়ে থাকা দেশগুলোতে এ ব্যবধান অনেক বেশি ছিল। আর্জেন্টিনা, ভারত ও মেক্সিকোর মতো দেশে বাসায় থেকে কাজ করা কর্মীদের আয় অন্যদের তুলনায় কমেছে ৫০ শতাংশ। 

এছাড়া এই প্রক্রিয়ায় কাজ করা কর্মীদের সার্বিক সুরক্ষার ক্ষেত্রে যথাযথ নীতিমালারও ঘাটতি রয়েছে। এ ধরনের শ্রমিকের সুরক্ষার জন্য আইএলওর বিদ্যমান নীতিমালা (আইএলও কনভেনশন ১৭৭) বেশির ভাগ সদস্যভুক্ত দেশই স্বাক্ষর করেনি। মাত্র ১০টি দেশ এই নীতিমালা স্বাক্ষর করেছে। ফলে অনেক ক্ষেত্রেই এ প্রক্রিয়ায় কাজ করা শ্রমিক কর্মীরা আইনি সুরক্ষা থেকেও বঞ্চিত হন।