ভবনের বর্ধিতাংশ ও ১২টি ব্রিজ অপসারণ করল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় খালে জলপ্রবাহ ফিরিয়ে আনতে কদমতলা খালের সীমানার মধ্যে থাকা তিনটি বহুতল ভবনের বর্ধিতাংশ ও ১২টি বেইলি ব্রিজ ভেঙে অপসারণ করা হয়েছে। পাশাপাশি দুই জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল বুধবার স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারা অনুযায়ী উক্ত জরিমানা আদায় করা হয়।  অভিযানে কদমতলা ব্রিজ থেকে শুরু করে মান্ডা খালের অভিমুখে প্রবাহিত খালের ওপর একটি  নয়তলা, একটি তিনতলা ও একটি দুইতলা ভবনের খালের দিকে বর্ধিতাংশ ভেঙে অপসারণ করা হয়। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপা এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের সময় স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খালগুলোতে জলপ্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ কদমতলা খালের সীমানার মধ্যে থাকা তিনটি বহুতল ভবনের বর্ধিতাংশ এবং অননুমোদিত ১২টি বেইলি ব্রিজ অপসারণ করা হয়েছে।

অন্যদিকে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান অভিযান প্রসঙ্গে বলেন, ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডের একটি অংশে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণের লক্ষ্যে আমরা ৬০ ফুট বাই ৬০ ফুট অংশ হতে ট্রাকগুলো সরিয়ে দিয়েছি। এই জায়গা করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে।