৪১তম বিসিএসের প্রিলি ১৯ মার্চ

৪১তম সাধারণ ও ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ ৪১তম বিসিএস (সাধারণ) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম বিশেষ (চিকিত্সক) বিসিএসের লিখিত পরীক্ষা। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ এ তথ্য জানিয়েছেন। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় দুই বিসিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারিতে ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হবে ২ ঘণ্টা। প্রতি সঠিক উত্তরে ১ নম্বর, তবে ভুল উত্তর দিলে ০.০৫ নম্বর কাটা যাবে। বিস্তারিত পিএসসির ওয়বেসাইটে প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন করেছিল ৪ লাখ ৭৫ হাজার পরীক্ষার্থী। করোনার কারণে দীর্ঘ এক বছরেও এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করতে পারেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ পদে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পুলিশে ১০০ জন, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন পদে ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জনকে নেওয়া হবে। পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক আট জনসহ অন্যান্য পদে ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে, ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। চিকিত্সকদের জন্য বিশেষ ৪২তম বিসিএসে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এ বিসিএসের আবেদন শুরু হয় গত বছরের ৭ ডিসেম্বর এবং শেষ হয় ২৭ ডিসেম্বর সন্ধ্যায়। ৪২তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে ২ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে।

৪২তম বিশেষ বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে। পিএসসি বিজ্ঞপ্তিতে বলেছে, ৪২তম বিশেষ বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। মেডিক্যাল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে। দুই বিসিএস পরীক্ষার আসন ও বিস্তারিত তথ্য পরে পিএসসির ওয়েবসাইটে জানানো হবে।