পৌষ উত্সবে মেতে উঠেছিল সুরের ধারা। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সঙ্গীত-শিক্ষণ প্রতিষ্ঠান সুরের ধারা বুধবার আয়োজন করে পৌষ উত্সবের| বাঙালির ঋতুভিত্তিক উত্সব পালনের ঐতিহ্যের ধারায় ‘সুরের ধারা’ নিয়মিতভাবে এ উত্সবের আয়োজন করে আসছে।
গতকাল দেশীয় সংস্কৃতির সম্ভারে সাজানো হয় উত্সব প্রাঙ্গণ| শীতকালীন পিঠা-পুলি থেকে শুরু করে বাঙালির ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, রাজশাহী ও টাঙ্গাইলের সিল্কও পাওয়া গেছে উত্সব প্রাঙ্গণে। খড় ও বাঁশের বেড়া দিয়ে গ্রামীণ পরিবেশ সৃষ্টি করা হয়। শহুরে তরুণ-তরুণীদের কাছে তা ব্যাপক সাড়া ফেলে। সেখানে ছবি তোলার হিড়িক পড়ে যায়।
গতকাল বিকেল সাড়ে ৩টায় উত্সবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন| এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুরের ধারার অধ্যক্ষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা|
এ কে আব্দুল মোমেন বলেন, বাঙালির সব উত্সব ঐক্যের প্রতীক| আবহমান বাংলার এসব উত্সব আমাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছে।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, গত মার্চ থেকে আমরা গৃহবন্দি| এ সময় আমাদের শারীরিক স্থবিরতা থেকে মানসিক স্থবিরতা বৃদ্ধি পেয়েছে| এটা কাটানোর জন্যই এ আয়োজন|
আয়োজনের শুরুতেই সুরের ধারার শিশু শিক্ষার্থীরা গেয়ে শোনায় ‘মাটি তোদের ডাক দিয়েছে’। একক সঙ্গীত পরিবেশন করেন জয়ন্ত আচার্য, কৃষ্ণকান্ত আচার্য, দিয়া। ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন নয়নতারা ও সারিনা এবং ‘নতুন ধানের চিড়া’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে শুচিতা ও সাউদা| পৌষ উত্সবকে ঘিরে চমত্কার করে সাজানো হয় লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠ।