গতকাল বুধবার দৈনিক ইত্তেফাকে ‘ধামরাইয়ে হুমকির মুখে সেতু’ শীর্ষক ছবি প্রকাশিত হলে তা ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের নজরে আসে। তিনি তত্ক্ষণাত্ এসি ল্যান্ড অন্তরা হালদারকে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অভিযানে গিয়ে অপরাধ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক অন্তরা হালদার ঠিকাদারী প্রতিষ্ঠান নুনা ট্রেডার্স ফাস্ট বিল্ড জেভির ম্যানেজার আজিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। বিচারক অন্তরা হালদার দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বিশ্ব ব্যাংক এবং এলজিইডির অর্থায়নে ঢাকার ধামরাইয়ে রাজাপুরে বংশী নদীর ওপর নির্মিত সেতুটির সংযোগ সড়ক সিডিউল অনুসারে অন্যত্র থেকে মাটি এনে নির্মাণের কথা থাকলেও ঠিকাদার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেতুর নিচ থেকেই অবৈধভাবে এস্কাভেটর দিয়ে বালুমাটি তুলে সংযোগ সড়ক নির্মাণ করছে। এতে সেতুটি ধসে পড়তে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে।