লোহাগাড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবক খুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল ইসলাম (৩০) নাম এক যুবক খুন হয়েছে। বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বড়হাতিয়া ইউনিয়নের সদস্য মো. বেলাল উদ্দিন নিশ্চিত করেছেন। সাইফুল ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা হারিমুন পাড়ার আজিজুর রহমানের ছেলে।

ইউপি সদস্য বেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, বুধবার দুপুর ২টার দিকে ইউনিয়নের কুমিরাঘোনা কালিনগর এলাকায় দুর্বৃত্তরা সাইফুলকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো পড়ুন: শৈলকুপায় নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/ইউবি