ছদ্মনাম বনাম আসল নাম

ছদ্মনাম। ইংরেজিতে বলে Pseudonym। লেখকরা বলেন Pen Name। অনেক লেখক-লেখিকা যুগে যুগে তাঁদের লেখালেখি জীবনে একটি বা দুটি, কখনো একাধিক ছদ্মনামে লিখতেন কিংবা লিখে গেছেন। কেউ কেউ নিজের আসল নামে না লিখে ছদ্মনামে লেখা শুরু করতেন। কালক্রমে সেটা পরিচিতি পাওয়ায় সেটাকেই লেখক নাম করে লিখতে থাকেন।

কেউ কেউ সাংবাদিকতার আড়ালে একাধিক ছদ্মনামে লিখতেন। উনিশ শতকে ইউরোপে অনেক মহিলা লেখক পুরুষ নামে লেখা চালিয়ে যেতেন। আবার উপমহাদেশে হতো উলটো। উনিশ শতকের শেষের দিক থেকে বিশ শতক জুড়ে বাংলা সাহিত্যে অনেক পুরুষ লেখক মহিলা নামে লিখতেন।  জীবদ্দশাতেই সেটা প্রকাশ পেয়েছে কারো। আবার কারো কারো ক্ষেত্রে জীবিতকালে ছদ্মনাম পরিচিতি পেলেও মৃত্যুর পর আসল নামে পরিচিতি পেয়েছেন। কারো ছদ্মনাম টিকে গেছে কালক্রমে, কারো নকলটি হারিয়ে আসলটি জায়গা করে নিয়েছে।

মধ্যযুগে ইউরোপে প্রথম দেখা দেয় এমন। ইংরেজি ছাড়াও ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, ইতালিয়ান ভাষাতে অনেকেই ছদ্মনামে লিখতেন আঠারো এবং উনিশ শতক থেকেই। বিশ শতকে আমেরিকান, ল্যাটিন আমেরিকান লেখক থেকে শুরু করে রাশিয়ান, বাংলা, হিন্দু, উর্দু, ফার্সি অনেক ভাষার লেখকদের মাঝে এই প্রবণতা দেখা গেছে।

অনেক কারণেই লেখকরা তাঁদের নিজের নামে না লিখে অন্য নামে লিখতেন। কারো ক্ষেত্রে ব্যক্তিগত, কেউ কেউ রাজনৈতিক প্রতিপক্ষের হাত থেকে রক্ষা পেতে, সামাজিক নিপীড়নের শিকার মহিলারা পুরুষ নামে লিখতেন উনিশ শতকে ইউরোপে। কালক্রমে কারো ক্ষেত্রে সে নাম পরিচিতি পেয়ে যায় এবং লোকে তাঁকে সে নামেই চিনতে থাকে।

বাংলা ছোটগল্পের মোপাসাঁ বনফুলকে দিয়েই শুরু করা যাক। লোকে তাঁকে বনফুল নামেই চেনে। স্কুলে থাকতে হেডমাস্টারের চোখ ফাঁকি দিয়ে কবিতা লিখতে বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল নামে লিখতে শুরু করে বাকি জীবনও সেই নামেই লিখেছিলেন।

বনফুলের মতো আরেকজন হলেন বীরবল। প্রবন্ধকার প্রমথ চৌধুরী বীরবল নামে সাহিত্যের ইতিহাসে এখনো পরিচিত।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় একটি ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর। এর বাইরে আরো নয়টি ছদ্মনামে লিখতেন তিনি। এমনকি তার মধ্যে দুজন মহিলার নামেও লিখেছেন রবীন্দ্রনাথ! শ্রীমতী মধ্যমা এবং শ্রীমতী কনিষ্ঠা। বাদবাকিগুলো—দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন, ষষ্ঠীচরণ দেবশর্মা, আন্নাকালী পাকড়াশী, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, অকপট চন্দ্র ভাস্কর।

কাজী নজরুল ইসলাম কখনো নুরু, কখনো নুরুল ইসলাম নামে লিখতেন। সৈয়দ মুজতবা আলী সত্যপীর নামে লিখেছেন অনেকদিন। মাঝে মাঝে মুসাফির, ওমর খৈয়াম এবং প্রিয়দর্শী নাম ব্যবহার করতেন।

অচিন্ত্যকুমার এবং অন্নদাশঙ্কর রায়, দুজনেই মহিলা নামে লিখতেন । যথাক্রমে :নীহারিকা দেবী এবং লীলাময় রায়।

কবি কায়কোবাদের আসল নাম ছিল কাজেম আল কোরেশী। সকলের পরিচিত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম এটি নয়। তাঁর আসল নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। লেখক শংকরকে অনেকে শংকর নামেই চেনে। তাঁর নাম ছিল  মণিশঙ্কর মুখোপাধ্যায়। শেখ আজিজুর রহমান গল্পকার শওকত ওসমান নামে সকলের কাছে জনপ্রিয়। জহির রায়হানের আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ।

আবুল হোসেন মিয়া থেকে হয়ে গিয়েছিলেন কবি আবুল হাসান। এম ওবায়দুল্লাহ নাম পরিবর্তন করে লিখতেন আসকার ইবনে শাইখ নামে।

কস্যচিত্ উপযুক্ত ভাইপো ছদ্মনামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাঝে মাঝে লিখতেন। কালীপ্রসন্ন সিংহর হুতোম পেঁচা নাম বাংলা সাহিত্যে পরিচিত। হাবু শর্মা নামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কখনো কখনো লিখেছেন। বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত ছদ্মনাম বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীরা জানে। কচিত্ প্রৌঢ় নামটি বিভূতিভূষণের লেখায় পাওয়া যায়।

নাট্যকার সেলিম আল দীনের আসল নাম মঈনুদ্দিন আহমেদ। লেখক হায়াত্ মামুদের প্রকৃত নাম মনিরুজ্জামান।

সুনীল গঙ্গোপাধ্যায় নীল উপাধ্যায় নামে অনেকদিন লিখেছেন। সঙ্গে ছিল নীল লোহিত এবং সনাতন পাঠক। শরত্চন্দ্র চট্টোপাধ্যায় অনীলা দেবী নামে লিখতেন। অন্যদিকে লেখিকা মহাশ্বেতা দেবী লিখতেন সুমিত্রা দেবী নামে।

পশ্চিমের লেখকদের মধ্যে অনেকেই ছদ্মনামে লিখতেন এবং লেখেন।

এবার আসি ইতিহাসের একমাত্র বিলিয়নিয়ার লেখক J K Rowling প্রসঙ্গে। হ্যারি পটারের এই লেখিকার আসল নাম Joanne Rowling। মাঝের K তাঁর দাদির নাম Kathleen থেকে নিয়ে যুক্ত করা হয়েছে বইয়ের জন্যে। বর্তমানে তিনি পুরুষ ছদ্মনামে লেখেন। নাম :Robert Gailbrath। এমনকি Kennilworthy Whisp এবং Newt Scamander দুটি ছদ্মনামে ২০০০ সালের পর হ্যারি পটারের ওপর দুটি বইও তিনি লেখেন। এখন পর্যন্ত চারটি ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন। ভবিষ্যতে হয়তো আরো করবেন।

উনিশ শতকে ভিক্টোরিয়ান পিরিয়ডে ব্রন্টি ফ্যামিলির লেখিকা তিন বোনের ছোট বোন Anne Brontë লিখতেন Acton Bell ছদ্মনামে। মেজো বোন Emily Brontë লিখতেন Ellis Bell নামে। বড়ো বোন Charlotte Brontë-র ছদ্মনাম ছিল Currer Bell।

ব্রিটিশ লেখিকা Doris Lessing, যিনি ২০০৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান, Jane Somers নামে  লিখতেন ।

উনিশ শতকের রাশিয়ান সেরা লেখক এবং গল্পকার চেখভের ছদ্মনাম ছিল Antosha Chekhonte। একই শতকের ভিক্টোরিয়ান সময়ে সেরা ব্রিটিশ লেখক চার্লস ডিকেন্স লিখতেন Boz নামে ।

নরওয়ের জগত্খ্যাত নাট্যকার ইবসেন Brynjolf Bjarme ছদ্মনামে অনেকগুলো নাটক লিখেছেন।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ভালো লেখক ছিলেন। চাণক্য নামে ইতিহাস এবং রাজনীতির ওপর লিখতেন তিনি। আমেরিকার স্বাধীনতার স্থপতি এবং দ্বিতীয় প্রেসিডেন্ট জন এডামস Humphrey Ploughjogger ছদ্মনামে লেখালেখি করতেন।

ক্রনিক্যেল্স অব নার্নিয়া খ্যাত C S Lewis-এর দুটি ছদ্মনামের একটি ছিল Clive Hamilton।

ছোটবেলায় অনেকেই রবিনসন ক্রুসো পড়েছেন। বিখ্যাত এই বইয়ের লেখক ড্যানিয়েল ডিফোর আসল নাম ছিল Daniel Foe।

আঠারো শতকের বিখ্যাত ইংরেজ প্রবন্ধকার চার্লস ল্যাম্ব পত্রিকাতে লিখতেন Elia নামে। উনিশ শতকের ডেনিশ দার্শনিক কিরকিগার্ড Johannes de silentio নামে লিখে গেছেন অনেক লেখা।

ব্রিটিশ ডিটেকটিভ লেখিকা আগাথা ক্রিস্টি এখনো জনপ্রিয়।  বিশ শতকের এই লেখিকার ছদ্মনাম ছিল Mary Westmacott। আমেরিকান বিখ্যাত কবি সিলভিয়া প্লাথ লিখতেন Victoria Lucas নামে অনেকদিন।