দিবসের গান

ভোরগুলো আমার অক্ষর, শব্দ, বাক্য সাধনার

একান্ত ভাবনার, সংগীতের সুখময় কলতান

বোধের আরাধনায় খুঁজে ফিরি উেসর শেকড়

নিমগ্ন ভাবনায় জন্ম হয় কথার রক্তপিণ্ড সৃজন

 

সকালে সন্ধান করি আহার যাপনের উপকরণ

দুপুরে উপার্জনের ডায়েরিতে হিসাব কষে চলি

আয় ব্যয়ে অমিল অঙ্ক, থেকে যায় টানাপোড়েন

বিকেল হেঁটে চলে লোকালয়ে জীবের উপকারে

আসন্ন সন্ধ্যায় মাটির কথা ভাবি, অনাদরে দেশ

লাল সবুজের ভগ্ন জল জমিনে কান্নার শব্দস্বর

 

ঈশ্বর বন্দনায় সন্ধ্যার সময়গুলো তোমাদের জন্য

নিজের ভালোলাগা ও আনন্দ সময় আর থাকে না

রাতে খুঁজে ফিরি তোমায়, শূন্যতায় ভরে যায় মন

শব্দের বাগান নীরব হয়, স্তব্ধ হয়ে যায় অস্পন্দনে!