আট মাস পর করোনায় ফের মৃত্যু দেখল চীন

আট মাস পর চীন করোনায় আবার প্রথম মৃত্যু দেখল। করোনার উত্স সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল যেদিন দেশটির মাটিতে পা রাখল, কাকতালীয়ভাবে সেদিনই (বৃহস্পতিবার) নতুন এই মৃত্যুর খবর এলো।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা মহামারি শুরু হয়। এরপর এটি ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় সব দেশে। মার্চে চীনের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চলতি মাসে চীনে নতুন করে করোনার সংক্রমণ ঘটে। দেশটির উত্তরের একটি জেলা ও একটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং লকডাউনের আওতায় এসেছে ২ কোটিরও বেশি মানুষ। গতকাল জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চীনে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

মার্চের পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এদিন করোনায় এক ব্যক্তি মারা গেছে। তবে মৃতের ব্যাপারে বিশদ কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, মৃত ব্যক্তিটি হেবেই প্রদেশের বাসিন্দা। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বর্তমানে দেশ জুড়ে অন্তত ৮৮৫ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সা নিচ্ছেন। তাদের মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর।