১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াই হবে ত্রিমুখী। পৌর এলাকা সরেজমিন ঘুরে এবং ভোটারদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। মেয়র পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি (প্রতীক নৌকা), বিদ্রোহী প্রার্থী সাধারণ সম্পাদক ও মেয়র আলমগীর শাহী সুমন (প্রতীক নারিকেল গাছ), বিএনপি দলীয় প্রার্থী ছাবিনা ইয়াসমিন বেবী (প্রতীক ধানের শীষ) ও বীর মুক্তিযোদ্ধা আলী আসগর (প্রতীক জগ)। পৌর এলাকার হাটবাজার, হোটেল-রেস্টুরেন্টসহ সর্বত্র মেয়র প্রার্থীদের যোগ্যতা ও কর্মকাণ্ড নিয়ে ভোটারদের মধ্যে নানামুখী আলোচনা চলছে। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জনসহ সাধারণ কাউন্সিলর পদে ৩১ প্রার্থী নিজ নিজ প্রতীক নিয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।
বানারীপাড়ায় নৌকা প্রতীক বরাদ্দ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, বানারীপাড়ায় চতুর্থ পর্যায়ে পৌরসভা নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বানারীপাড়া পৌরসভার বর্তমান মেয়র এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে।
পটিয়ায় আওয়ামী লীগের প্রতীক বরাদ্দ
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব বাবুলকে পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো পটিয়ায় ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি মোসলেম উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানিয়েছেন, মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাবেক ছাত্রনেতা আইয়ুব বাবুলকে আগামী পটিয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে।