কালীগঞ্জে স্বর্ণের বারসহ আটক ২

সাতক্ষীরার কালীগঞ্জে এক কেজি ১১০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-সাতক্ষীরা সড়কের ভাড়াশিমলার হিজলা মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—ঢাকার কোতোয়ালি থানার সুব্রত ঘোষ (৫৩) ও মুন্সীগঞ্জের শ্রীনগর থানার প্রাইভেটকার-চালক তপু দাশ (২৮)। বৃহস্পতিবার বিকালে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) মো. ইয়াসিন আলী। তিনি জানান, এসময় স্বর্ণ বহনের কাজে ব্যবহূত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।