সংবাদ সংক্ষেপ

জয়পুরহাটে ফেনসিডিলসহ গ্রেফতার ৪

 জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের কালাইয়ে বৃহস্পতিবার ভোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক থেকে ৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার ও চার জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো—মো. রিপন হোসেন, মো. নাহিদ ইসলাম, মো. সেলিম ফকির ও মো. মামুন হোসেন। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন খবরের ভিত্তিতে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট তিন রাস্তার মোড়ে ট্রাকটি থামানো হয়। এ সময় ট্রাকে বিশেষ কায়দায় বহন করা ঐ ফেনসিডিল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল সেট, সিম কার্ড পাঁচটি ও নগদ ৪ হাজার ১০০ টাকাও উদ্ধার করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সহায়তায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই সেমিনারের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ, ভেটেরিনারি সার্জন ডা. মো. রোকনুজ্জামান, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ প্রমুখ।

দেবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রর্দশনী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্ব এ সময় বক্তব্য রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাছিনুর রহমান, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম।

ডিমলায় হুইলচেয়ার বিতরণ

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা উপজেলার ২০ জন শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নীলফামারীর সহযোগিতায় ডিমলা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনসিসির মাস্ক ও লিফলেট বিতরণ

মেহেরপুর প্রতিনিধি জনগণকে সচেতন করার জন্য মেহেরপুরে র্যালি, মাস্ক এবং লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট খুলনা এ কর্মসূচির আয়োজন করে। মেহেরপুর জেলা পরিষদের সামনে আয়োজিত কর্মসূচির সভাপতিত্ব করেন সুন্দরবন রেজিমেন্ট খুলনার জি রেজিমেন্টের কমান্ডার মেজর জসীম উদ্দীন।

নবীনগর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি জালাল, সেক্রেটারি সাইদুল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগর প্রেসক্লাবের ২০২১-২০২২ কার্যকরী পরিষদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জালাল উদ্দিন মনির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাইদুল আলম সোরাব নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের ১১ পদের মধ্যে বিজয়ী অন্যান্য পদের প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, তথ্য প্রযুক্তি সম্পাদক মশিউর রহমান রুবেল এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মনির হোসেন, সদস্য আবদুল হাদী।

কর্মসূচি বাস্তবায়নবিষয়ক সেমিনার

সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঐ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী।