ওয়ানডে বাংলাদেশ দলের সফলতম ফরম্যাট। গত অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস কাপে সর্বশেষ এই ফরম্যাটে খেলেছিলেন মুশফিক-তামিমরা। কয়েকমাসের বিরতিতে প্রিয় ফরম্যাটে খেলতে নেমে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের প্রস্তুতি হিসেবে ম্যাচ খেলতে নেমে ব্যাটসম্যানরা রান পেতে সংগ্রাম করেছেন। গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচে দাপট দেখিয়েছেন বোলাররা।
বিকেএসপিতে বোলারদের কল্যাণেই গতকাল ৪০ ওভারের ম্যাচে তামিম একাদশকে ৫ উইকেটে পরাজিত করেছে মাহমুদউল্লাহ একাদশ।
বোলারদের দিনে উজ্জ্বল ছিলেন তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ। ৬ ওভারে ১ মেডেনসহ ২১ রানে চার উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। মূলত তার তোপে পড়েই আগে ব্যাট করা তামিম একাদশ ৩৭.২ ওভারে ১৬১ রানে অলআউট হয়। শুরুতে তামিম, শান্ত হাসানের শিকার হন। পরে নাসুম, রুবেলকেও ফেরান এই তরুণ। আফিফ ৩৫, তামিম ২৮, শান্ত ২৭, সৌম্য ২৪, মিঠুন ১৬, লিটন ২ রান করেন। আল-আমিন, শরীফুল ২টি করে, মিরাজ ১টি উইকেট পান।
পরে হাফ সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৩৬.৫ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তুলে দলটি। ৬৪ বলে অপরাজিত ৫১ রান করেন মাহমুদউল্লাহ। নাঈম শেখ ৪৩, মুশফিক ২৮, মিরাজ অপরাজিত ১৩, সাকিব ৯ রান করেন। মুস্তাফিজ, সাইফউদ্দিন, নাসুম, মেহেদী হাসান ১টি করে উইকেট নেন।
বিকেএসপিতে ক্রিকেটারদের খেলা উপভোগ করেছেন জাতীয় দলের দুই নির্বাচক। ম্যাচ শেষে বোলারদের দাপটের কথা বলেছেন মাহমুদউল্লাহও। গতকাল তিনি বলেছেন, ‘আমার মনে হয় বোলাররা ভালো বল করেছে। দুই দলের বোলাররাই ভালো বল করেছে। উইকেটে সম্ভবত শুরুর দিকে কিছুটা মুভমেন্ট ছিল। দ্বিতীয় ইনিংসে বেটার হয়েছে উইকেট। কিন্তু সর্বোপরি ভালো অনুশীলন হয়েছে।’
উইকেটের মুভমেন্ট, হাসান মাহমুদদের গতিময় বোলিং বিপাকে ফেলেছিল তামিম-লিটনদের। মাহমুদউল্লাহ বলেছেন, ‘নতুন বলে আমাদের বোলাররা ভালো জায়গায় বল করেছে। শুরুতে আমরা কিছু উইকেট তুলে নিয়েছি। এ জন্যই তারা কিছুটা চাপে ছিল। আমি মনে করি দিনটা বোলারদেরই ছিল।’
সিরিজের প্রস্তুতি ভালো হচ্ছে উল্লেখ করে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, ‘প্রস্তুতি ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা বেশ ইতিবাচক এই সিরিজের ব্যাপারে। আমি মনে করি আমরা কিছু ভালো ক্রিকেট উপহার দিতে পারব। আমি আশাবাদী যে আমরা সিরিজ জিতব ইনশাআল্লাহ।’