করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে দাঁড়িয়েছিল ক্রিকেট বিশ্ব। করোনাকালে ক্রিকেট শুরুর অগ্রণী দল ওয়েস্ট ইন্ডিজ। তাদের হাত ধরেই ১০ মাসের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশও। প্রায় ৩০৭ দিন পর বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পা রাখল কোনো সফরকারী দল। টানা চার দিন হোটেলবন্দি হয়ে থাকার পর গতকাল মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করতে আসে উইন্ডিজরা।
সকাল ১০টায় ক্যারিবিয়ান টেস্ট দলের ক্রিকেটাররা অনুশীলন করেন। দুপুর দেড়টার পর ওয়ানডে দলের সদস্যরাও অনুশীলনে নামেন। হেড কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে একাডেমি মাঠের নেটে ব্যাটিং, বোলিং করেন উইন্ডিজ ক্রিকেটাররা।
তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে এলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ধারাবাহিক ক্রিকেট খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে দলের অধিনায়ক জেসন মোহাম্মেদ গতকাল অনুশীলনের আগে বলেছেন, সিরিজ জেতাই তাদের মূল টার্গেট।
ওয়ানডে সিরিজে উইন্ডিজদের টার্গেট সম্পর্কে জানতে চাইলে ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার গতকাল বলেছেন, ‘অবশ্যই এখানে আসতে পেরে ভালো লাগছে। আজ (গতকাল) আমাদের প্রথম অনুশীলন। অবশ্যই সিরিজ জেতাই আমাদের টার্গেট, এটাই আমাদের প্রথম লক্ষ্য। আশা করি, আমরা ধারাবাহিক ক্রিকেট খেলব এবং আমাদের লক্ষ্যটা অর্জন করব।’
করোনাকাল বলেই সিরিজটা হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের অধীনে। যার নিয়ম অনুযায়ী ঢাকায় নেমে চার দিন হোটেলে আইসোলেশনে ছিল ক্যারিবিয়ানরা। দিনগুলো কঠিন ছিল জানিয়ে জেসন বলেছেন, ‘আইসোলেশনের দিনগুলো কঠিন ছিল। সতেজ বাতাসে বাইরে আসতে পেরে ভালো লাগছে এবং অনুশীলন করার সুযোগ হলো।’
উইন্ডিজ ওয়ানডে অধিনায়কের চোখে ঘরের মাটিতে বাংলাদেশ খুব ভালো দল। তবে মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই নামবে সফরকারীরা। জেসন বলেছেন, ‘তারা (বাংলাদেশ) খুব ভালো দল। তারা সাদা বলে খুব ভালো ক্রিকেট খেলে, হোমে আছে তারা। আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমরা এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি।’