শেষবার বার্সেলোনার কোনো ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছিল ১৯৯৮ সালে, কোপা ডেল রে’র ফাইনালে। প্রায় ২১ বছর পর আবার টাইব্রেকারের স্বাদ নিতে হলো কাতালান দলটির। বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের বীরত্বে কষ্টার্জিত জয় পেয়েছে মেসিবিহীন বার্সা। ওদিকে খর্বশক্তির হোলস্টাইন কিয়েলের বিপক্ষে টাইব্রেকারে হেরেই ডিএফবি পোকালের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ।
চোটের কারণে ম্যাচের আগে দল থেকে ছিটকে যান লিওনেল মেসি। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ম্যাচের ৩১ মিনিটে আঁতোয়ান গ্রিজমানের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ফ্রেঙ্কি ডি ইয়ং। দ্বিতীয়ার্ধে আবার এই ডি ইয়ংয়ের ভুলেই পেনাল্টি পায় সোসিয়েদাদ। সেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সোসিয়েদাদ অধিনায়ক মিকেল ওইয়ারাসাবাল। ম্যাচের বাকি সময় এবং অতিরিক্ত ৩০ মিনিটেও কেউ গোলের দেখা না পেলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। নির্ধারিত ১২০ মিনিটে একাধিক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখা স্টেগান টাইব্রেকারেও দলের ত্রাতা হয়ে উঠেন। পাঁচ শটের মধ্যে তিনটি ফিরিয়ে দিয়ে দলের জয় নিশ্চিত করেন এই জার্মান। রবিবার রিয়াল মাদ্রিদ বা অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে স্টেগানরা। ফাইনালেও মেসিকে ছাড়াই নামতে হতে পারে বলে জানিয়েছেন ম্যানেজার রোনাল্ড কোম্যান।
জার্মান লিগ কাপ, ডিএফবি পোকালে দ্বিতীয় ডিভিশনের দল হোলস্টাইন কিয়েলের বিপক্ষে হেরে বাদ পড়েছে জার্মান ও ইউরোপীয় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। টের স্টেগানের সঙ্গে একই রাতে নায়ক হওয়ার সুযোগ ছিল তার জার্মান সতীর্থ ম্যানুয়েল নয়্যারের। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না এই কিংবদন্তি গোলরক্ষক। ২-২ ব্যবধানে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে নয়্যার সবকটি শটই ফেরাতে ব্যর্থ হলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাভারিয়ানদের। ওদিকে কোপা ইতালিয়ায় জেনোয়াকে ৩-২ গোলে হারিয়ে পরের পর্বে উঠেছে জুভেন্তাস।