মুজিববর্ষ উপলক্ষ্যে এক্সিম ব্যাংক আয়োজিত জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল শহিদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হয় আনসার। কিন্তু খেলায় ২২-২২ গোলে সমতারত অবস্থায় দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে রেফারির সিদ্ধান্তের বিপক্ষে পুলিশের খেলোয়াড়রা মাঠ ত্যাগ করেন। নির্ধারিত সময়ে মাঠে খেলায় অংশগ্রহণ না করায় বাইলজের ধারা অনুযায়ী রেফারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে জয়ী ঘোষণা করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রবিউল সেরা খেলোয়াড় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ইমু সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। স্থান নির্ধারণী খেলায় চাঁপাইনবাবগঞ্জ ৩৫-৩৩ গোলে কুষ্টিয়াকে হারিয়ে তৃতীয় হয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল।