লঙ্কায় ইংলিশদের দাপট

নিজেদের দুর্গ এমনভাবে অপদস্ত হবে শ্রীলঙ্কা সেটা হয়তো কল্পনাতেও ভাবেনি। গলের স্পিনিং উইকেটে ইংল্যান্ডের জন্য পাতা ফাঁদে শিকার হলো নিজেরাই। ডম বেসের ঘূর্ণিতে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায় তারা। জবাবে লঙ্কানদের সংগ্রহ থেকে ৮ রান দূরে থেকে প্রথম দিন শেষ করে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ১২৭ রান নিয়ে আজ নামবেন অধিনায়ক জো রুট (৬৬*) ও জনি বেয়ারস্টো (৪৭*)। ভোরের আলো অনেক সময়ই দিনের পূর্বাভাসটা দিয়ে দেয়। ম্যাচ শুরুর আগেই চোটের কারণে নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নেকে হারায় স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক দীনেশ চান্দিমাল। তীব্র বাতাসের সুবিধা নিয়ে সপ্তম ওভারে লাহিরু থিরিমান্নে (৪) ও কুশল মেন্ডিসকে (০) তুলে নেন স্টুয়ার্ট ব্রড। এ নিয়ে টানা চার ইনিংসেই শূন্য হাতে ফেরেন মেন্ডিস। এর পরই আবির্ভাব দিনের নায়ক বেসের। ১০.১ ওভারে ৩০ রান খরচে তুলে নেন পাঁচটি উইকেট।