ম্যানেজার হিসেবে প্রথম শিরোপার দেখা পেলেন আর্জেন্টাইন ম্যানেজার মউরিসিও পচেত্তিনো। বুধবার ফ্রান্সের লেন্সে ট্রফি দি চ্যাম্পিয়নের ফাইনালে মার্সেইকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ের ফলে পিএসজির দায়িত্ব নেওয়ার ১১ দিনের মাথাতেই শিরোপার মুখ দেখলেন এই অভিজ্ঞ ম্যানেজার।
‘ট্রফি দি চ্যাম্পিয়ন’ হচ্ছে ফরাসি সুপার কাপ, যেখানে আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মুখোমুখি হয় লিগ কাপ চ্যাম্পিয়নের সঙ্গে। ইনজুরির জন্য প্রায় এক মাস বাইরে থাকার পর এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন পিএসজির প্রাণভোমরা নেইমার। ফিরে গোলের দেখাও পেয়েছেন এই ব্রাজিলিয়ান। ৮৫ মিনিটে নেইমারের নেওয়া পেনাল্টির আগে প্রথমার্ধের ৩৯তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো লক্ষ্যভেদ করেন পিএসজির আর্জেন্টাইন ফরওয়ার্ড মাওরো ইকার্দি। ম্যাচের শেষদিকে মার্সেইয়ের হয়ে একটি সান্ত্বনাসূচক গোল করেন দিমিত্রি পায়েত।