দিহানের তিন বন্ধুকেও বিচারের আওতায় আনার দাবি

রাজধানীতে ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের তিন বন্ধুকেও বিচারের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচারের লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিশিষ্টজন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ ঐ ছাত্রীর স্কুলের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেমের সভাপতিত্বে বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, ঢাকা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মঞ্জু ধর, লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক মাকছুদা আক্তার, নির্যাতনের শিকার স্কুলছাত্রীর পরিবারের পক্ষে তার মা ও সহপাঠীরা।

মাকছুদা আক্তার বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে এজাহারের প্রেক্ষিতে দিহানের তিন বন্ধুকেও বিচারের আওতায় আনতে হবে। তাদের নাম-পরিচয় প্রকাশ করতে হবে। সুষ্ঠু বিচার প্রাপ্তিতে যেন কোনো বাধার সৃষ্টি না হয়। বিচারকার্যে কোনো প্রভাবশালী মহল যেন প্রভাব ফেলতে না পারে—এ বিষয়ে প্রশাসনকে আরো যত্নশীল হতে হবে। ঐ ছাত্রীর সহপাঠী বলেন, এই ঘটনায় চার জন উপস্থিত থাকলেও মামলার এজাহারে তাদের নাম নেই। তাদের নাম পরিচয় নিশ্চিত করে সুষ্ঠু বিচার সুনিশ্চিত করতে হবে।